বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আমরা এক ভয়াবহ ও অশুভ সময় অতিক্রম করছি, যেখানে গুটিকয়েক স্বার্থান্বেষী, অনির্বাচিত, অবৈধ ও আত্মঘোষিত শাসকগোষ্ঠী দেশের মালিকানা দাবি করে বসেছে। এরা দেশের মানুষের ভোটের অধিকার, স্বাধীনতার ইতিহাস এবং উন্নয়নের ধারাকে অগ্রাহ্য করে জোরপূর্বক রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছে। এদের শাসনের কোনো গণভিত্তি নেই, নেই কোনো রাজনৈতিক ঐতিহ্য বা দেশ পরিচালনার অভিজ্ঞতা। অথচ নিজেদের 'উপদেষ্টা' নামে পরিচয় দিয়ে রাষ্ট্রের মৌলিক কাঠামোকে ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত।
যারা বাংলাদেশ স্বাধীন করেছেন, জনগণের ভালোবাসায় বারবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন, দেশের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামোসহ সর্বক্ষেত্রে যাঁরা উন্নয়ন নিশ্চিত করেছেন তাঁদের আজ অবজ্ঞা করা হচ্ছে। সেই বিজ্ঞ, প্রজ্ঞাবান রাষ্ট্রনায়কদের হেয় করার দুঃসাহস দেখাচ্ছে এই দুই দিনের অবৈধ শাসকগোষ্ঠী। তারা দেশের ইতিহাস বিকৃত করছে, গুজব ছড়াচ্ছে, এবং মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত হানছে।
এই স্বঘোষিত শাসকগোষ্ঠীর একমাত্র লক্ষ্য—দেশ বিক্রি করে নিজেদের পকেট ভারী করা। তারা দেশের স্বাধীন ভূখণ্ড বিদেশিদের কাছে মোটা অঙ্কের বিনিময়ে লিজ দেওয়ার ষড়যন্ত্র করছে। পার্বত্য চট্টগ্রামকে দেশ থেকে বিচ্ছিন্ন করার নীলনকশা এঁকেছে। অর্থনীতিতে নেমেছে চরম অনিশ্চয়তা—জিডিপি নিম্নমুখী, মুদ্রাস্ফীতি বেড়েই চলেছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাস পাচ্ছে, বিনিয়োগে স্থবিরতা বিরাজ করছে। এই সরকার মানুষের জীবনযাত্রার মান নিয়েও সম্পূর্ণ উদাসীন।
অধিক উদ্বেগের বিষয় হলো, এই অবৈধ গোষ্ঠী রাষ্ট্রকে ধর্মভিত্তিক মৌলবাদী রাষ্ট্রে পরিণত করতে মরিয়া। তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির কণ্ঠরোধ করতে চায়। দেশের জাতীয়তাবাদ, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার ভিত্তিকে ভেঙে ফেলতে উঠেপড়ে লেগেছে। তারা সাংবাদিকদের ভয় দেখায়, বিরোধী মত দমন করে এবং রাষ্ট্রীয় সন্ত্রাসকে হাতিয়ার বানিয়ে ক্ষমতা চিরস্থায়ী করতে চায়।
কিন্তু দেশের ৮০ ভাগ মানুষ আজ এদের বিরুদ্ধে। জনগণ ইতোমধ্যে তাদের চিনে ফেলেছে, বুঝে গেছে এদের আসল চেহারা। এখন তারা যতই চেষ্টা করুক, পাহারা দিয়ে ক্ষমতায় টিকে থাকা সম্ভব নয়। সময়ের বিচার হবেই, জনগণের রায়ই হবে চূড়ান্ত। এই দেশ কারো ব্যক্তিগত সম্পত্তি নয় এটি মুক্তিযুদ্ধের অর্জন, রক্ত আর আত্মত্যাগের ফল। দুই দিনের শাসক বনাম জনগণের নির্বাচিত রাষ্ট্রনায়ক এই পার্থক্য আজ পরিষ্কার হয়ে গেছে।
আজ সময় এসেছে নতুন করে জাতীয় ঐক্য গড়ে তোলার। যারা দেশকে ভালোবাসে, স্বাধীনতা ও গণতন্ত্রে বিশ্বাস করে তাদের সম্মিলিত প্রচেষ্টাতেই এই অবৈধ শাসকদের পরাজিত করা সম্ভব। দেশ আমাদের, দেশবাসী আমাদের শক্তি। এই শক্তিকে কাজে লাগিয়ে আমরা গড়ে তুলবো এক উন্নত, গণতান্ত্রিক ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ।⁩