সনাতনী জাগরণ জোটের কর্মসূচির সঙ্গে আমাদের সংশ্লিষ্টতা নেই : ইসকন বাংলাদেশ

 

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের কর্মসূচির সঙ্গে নিজেদের প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেছে ইসকন বাংলাদেশ।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

এতে বলা হয়, সম্প্রতি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তারকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন প্রতিবাদ কর্মসূচিকে ইসকন বাংলাদেশের উদ্যোগ বলে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে। এ প্রসঙ্গে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) বাংলাদেশ পরিষ্কারভাবে জানাতে চায় যে, ওই কর্মসূচির সঙ্গে ইসকনের কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ সংশ্লিষ্টতা নেই।

এতে আরও বলা হয়, ‘ইসকন একটি আন্তর্জাতিক সংগঠন, যা গৌড়ীয় বৈষ্ণব ধর্মীয় আদর্শ ও সনাতনী মূল্যবোধকে ধারণ করে শান্তিপূর্ণভাবে ধর্মীয় চর্চা এবং মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে। আমরা সর্বদা শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের পক্ষে কাজ করেছি। ভবিষ্যতেও একই আদর্শে কাজ করতে অঙ্গীকারবদ্ধ।’

Post a Comment

0 Comments