একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ৷ নতুন রেকর্ড গড়ে এই বিজয়ের মধ্য দিয়ে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা৷
একাদশ সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন ২৯৮টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করেছে। ২৫৯টি আসনে জয় পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ৷ সবমিলিয়ে মাত্র ৭টি আসনে জয় পেয়েছে ধানের শীষের প্রার্থীরা; তাদের চেয়ে বেশি আসন পেয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের অন্যতম অংশীদার জাতীয় পার্টি ২০টি৷
লাঙ্গল প্রতীকে জয়ী ২০টি আসন নিয়ে দৃশ্যত আবারও সংসদে বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে এইচ এম এরশাদের দল৷ এবার ঘোষিত ২৯৮টি আসনের মধ্যে আওয়ামী লীগ এককভাবে পেয়েছে ২৫৯টি আসন, আর মহাজোটগতভাবে তাদের আসন সংখ্যা দাঁড়িয়েছে ২৮৮টি৷
১৪ দলীয় জোটের দলগুলোর মধ্যে জাসদ ২টি, ওয়ার্কার্স পার্টি ৩টি, বিকল্প ধারা ২টি, তরীকত ফেডারেশন ১টি আসনে জিতেছে৷ এর বাইরে আওয়ামী লীগের মিত্র দল জাতীয় পার্টি (জেপি) বাইসাইকেল প্রতীকে একটি আসনে জিতেছে৷
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলছেন, ভোট নিয়ে তিনি তৃপ্ত-সন্তুষ্ট৷ ভোটে কোনো অনিয়ম হয়নি৷ ভোটে তাঁরা লজ্জিত নন৷ একটি গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে৷ নির্বাচন কমিশনার বলেন, এবারের নির্বাচনে ৮০ শতাংশের মতো লোক ভোট পড়েছে৷ অনিয়মের কারণে ১৬টি কেন্দ্রের ভোট বন্ধ করা হয়েছে৷ ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের ফল স্থগিত রাখা হয়েছে৷
0 Comments