আ. লীগের পাশে থাকবে ১৬ ইসলামি দল

 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের পাশে থাকার আশ্বাস দিয়েছেন ১৬ ইসলামি দলের নেতারা। মঙ্গলবার গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে সংলাপে সরকারের ১০ বছরের উন্নয়নের প্রশংসা করে তারা এ আশ্বাস দেন।

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামীর নেতৃত্বে প্রায় দুই ঘন্টার এই সংলাপে জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা মোস্তাফা আমীর ফয়সল মুজাদ্দেদীসহ ৫২ জন প্রতিনিধি অংশ নেন।

অন্যদিকে সংলাপে শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতাসীন ১৪ দলের নেতারা অংশ নেন।

সূচনা বক্তব্যে শেখ হাসিনা বলেন, জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার। কওমী মাদ্রাসা শিক্ষার স্বীকৃতিসহ নানা উদ্যোগ নেয়া হয়েছে। দেশে উন্নয়নের ধারা নিরবচ্ছিন্ন রাখতে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

সংলাপ শেষে জাকের পার্টির চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে। আমরা চলমান ধারাকে শক্তিশালী করতে চাই।

তিনি বলেন, একটি সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে আগামী দিনে সংসদ যাতে চলমান থাকে এবং উন্নয়ন গতিশীলতা পায়, সে লক্ষ্যে আমরা অঙ্গীকার করেছি। আরেকটি রক্তাক্ত বাংলাদেশ আমরা দেখতে চাই না। 

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আগামীতেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার ব্যাপারে ১৬ ইসলামি দলের নেতারা পাশে থাকার অঙ্গীকার করেছেন।

তিনি জানান, আগামী ৯ নভেম্বর থেকে দলের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ফরম বিতরণ ও জমা নেওয়া শুরু হবে।

সংলাপে অংশ নেওয়া দলগুলোর মধ্যে রয়েছে- ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ জালালী পার্টি, আশিক্কীনে আউলিয়া ঐক্য পরিষদ, জাকের পার্টি, বাংলাদেশ জাতীয় ইসলামী জোট-বিএনআইএ, বাংলাদেশ সম্মিলিত ইসলামী জোট, ইসলামিক ডেমোক্রেটিক এ্যালায়েন্স (আইডিএ)।

Post a Comment

0 Comments