ঐক্যফ্রন্টের সিদ্ধান্তকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী

 

সরকারবিরোধী প্রধান রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্টের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় মনোনয়ন বোর্ডের সভার শুরুতে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘আমরা সবাই মিলে নির্বাচন করব। জনগণ যাকে চাইবে তাকে ভোট দেবে, সেটাই আমরা করব। সবাই যেহেতু নির্বাচন করবে সেজন্য সবাইকে ধন্যবাদ ও স্বাগত জানাচ্ছি।’

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, এই ঘোষণা গণতান্ত্রিক ধারাকে আরও শক্তিশালী করবে। অর্থনৈতিক গতিও ত্বরান্বিত করবে এটা আমি আশা করি।

এর আগে রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেয় জাতীয় ঐক্যফ্রন্ট। এসময় তফসিল এক মাস পেছানোর দাবি জানায় বিএনপিপ্রধান এ জোট। তাদের পক্ষ থেকে লিখিত বক্তব্যে বলা হয়, বর্তমান অবস্থায় নির্বাচনে যাওয়া-না যাওয়া নিয়ে সিদ্ধান্ত নেওয়া কঠিন। তবু গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের অংশ হিসেবে আমরা নির্বাচনে অংশ নেব।

দলীয় কার্যালয়ে মনোনয়ন বোর্ডের সভায় এক থেকে সাত নভেম্বর পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের সঙ্গে সংলাপের প্রসঙ্গ তুলে আওয়ামী লীগ সভাপতি বলেন, নির্বাচনটা কীভাবে হবে এবং নির্বাচন যেন সুষ্ঠু হয় সে আলোচনা হয়েছে সংলাপে। তিনি বলেন, আমরাও চাই নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ হোক। নির্বাচনে জনগণ যাদের ভোট দেবে তারা জয়লাভ করবে।

প্রধানমন্ত্রী বলেন, অনেকে অনেক দাবি-দাওয়া করেছিল। বেশকিছু আমরা মেনে নেই। তাছাড়া নির্বাচন যেন অংশগ্রহণমূলক হয়, সবাই যেন নির্বাচন করার সুযোগ পায় সেদিকে আমরা দৃষ্টি রাখব, সংলাপে সে আশ্বাস আমরা দিয়েছি।

একাদশ সংসদ নির্বাচনে উপযুক্ত প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে জানিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, নিজেদের ৩০০ আসনে প্রার্থী ঠিক করা হলেও জোটের প্রার্থীদের জন্য পরে আসন ছেড়ে দেওয়া হবে।

শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments